Nabadhara
ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাণ্ডারিয়ায় বেরিবাঁধের ঢাল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

Link Copied!

মো. শফিউল ইসলাম রনি, ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাড়ি থেকে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর মো. ইসমাইল শরীফ (৬৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার হরিণপালা এলাকার বেরিবাঁধের দক্ষিণ পাশের ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল শরীফ ভাণ্ডারিয়া উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হরিণপালা গ্রামের মৃত মোহাম্মদ শরীফের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে স্ত্রী মোসা. শেফালী বেগমের সঙ্গে মনোমালিন্য হয় ইসমাইল শরীফের। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে তুষখালী বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় রাত সাড়ে ১০টার দিকে তার স্ত্রী তেলীখালী পুলিশ ফাঁড়িতে ফোন করে বিষয়টি জানান। পুলিশ তাকে খোঁজাখুঁজি করার পরামর্শ দেয়।

রোববার সকালে বাড়ির অদূরে বেরিবাঁধের দক্ষিণ পাশে ইসমাইল শরীফকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজন ও স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য, মরদেহের ডান কানের লতি ছেঁড়া ও রক্তাক্ত ছিল। এছাড়া গলার নিচে থেঁতলানো দাগ এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে তারা জানান।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ইসমাইল শরীফ এলাকায় সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। টাকা-পয়সা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গেও তার বিরোধ ছিল বলে দাবি স্থানীয়দের। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগনুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের বাড়ির কাছের বেরিবাঁধের ঢাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।