Nabadhara
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রতিষ্ঠার ১৩ বছর পর প্রথমবার আইএবির স্বীকৃতি পেল রুয়েটের স্থাপত্য বিভাগ

রুয়েট প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

রুয়েট প্রতিনিধি

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) স্বীকৃতি পেয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্থাপত্য বিভাগ। আইএবির স্থাপত্য শিক্ষা বোর্ডের সুপারিশের পর প্রতিষ্ঠানটির ২৬তম নির্বাহী পরিষদ রুয়েটের স্থাপত্য শিক্ষা কার্যক্রমকে পাঁচ বছরের জন্য শর্তহীন অ্যাক্রেডিটেশন দিয়েছে। এ স্বীকৃতি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

গত ১৫ জুলাই বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বরাবর পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, রুয়েটের স্থাপত্য শিক্ষা কার্যক্রম আইএবির স্থাপত্য শিক্ষা বোর্ড নির্ধারিত প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে। পরে বোর্ড সর্বসম্মতিক্রমে অ্যাক্রেডিটেশনের সুপারিশ করলে আইএবির ২৬তম নির্বাহী পরিষদ তা অনুমোদন দেয়।

রুয়েটের স্থাপত্য বিভাগ ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার এক যুগেরও বেশি সময় পর আইএবির স্বীকৃতি পাওয়ায় বিভাগের শিক্ষার্থীদের পেশাগত স্থাপত্যচর্চা ও ভবিষ্যৎ কর্মজীবনে নতুন সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, স্থাপত্য শিক্ষায় আইএবির অ্যাক্রেডিটেশন একটি গুরুত্বপূর্ণ পেশাগত স্বীকৃতি হওয়ায় এ অর্জন রুয়েটের স্থাপত্য বিভাগের জন্য তাৎপর্যপূর্ণ।

বাংলাদেশের স্থপতিদের পেশাগত সংগঠন আইএবি। দেশে পেশাগতভাবে স্থাপত্যচর্চা এবং ভবনের নকশা বা স্থাপত্য পরিকল্পনায় স্থপতি হিসেবে স্বাক্ষর করার ক্ষেত্রে আইএবির সদস্যপদ গুরুত্বপূর্ণ। ফলে রুয়েটের স্থাপত্য বিভাগ থেকে অ্যাক্রেডিটেড কার্যক্রমের আওতায় ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা পরবর্তী সময়ে আইএবির সদস্যপদ গ্রহণের সুযোগ পাবেন।

আইএবির সদস্যপদের মাধ্যমে পেশাগত স্থাপত্যচর্চার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা, পেশাগত কার্যক্রম এবং আন্তর্জাতিক পরিসরে স্থাপত্যসংক্রান্ত সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি হয়। এশিয়ার স্থপতিদের আঞ্চলিক সংগঠন আর্ক্যাশিয়া (ARCASIA)-সহ আন্তর্জাতিক স্থাপত্য পরিসরের বিভিন্ন কার্যক্রমেও আইএবির মাধ্যমে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, স্থাপত্য শিক্ষায় অ্যাক্রেডিটেশন শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষাকে পেশাগত স্বীকৃতি ও কর্মক্ষেত্রের সঙ্গে কার্যকরভাবে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে রুয়েটের স্থাপত্য বিভাগের এ স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত পথ আরও সুগম করবে।

জানা গেছে, দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য শিক্ষা কার্যক্রম এর আগে আইএবি অ্যাক্রেডিটেশন পেয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো রুয়েটের স্থাপত্য বিভাগ।

রুয়েটের স্থাপত্য বিভাগের জন্য এ স্বীকৃতিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, আইএবির অ্যাক্রেডিটেশন বিভাগের একাডেমিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতি এবং দেশ-বিদেশে স্থাপত্যচর্চার বিস্তৃত সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এ স্বীকৃতির মাধ্যমে রুয়েটের স্থাপত্য শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে আরও শক্ত অবস্থান তৈরি করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।