Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাবিপ্রবিতে ছাত্রশিবিরের নবীনবরণ: মেধা ও দক্ষতাভিত্তিক ক্যারিয়ার গড়ার তাগিদ সাদ্দামের

জামালপুর প্রতিনিধি
আগস্ট ২১, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (৮ম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবিপ্রবি শাখার উদ্যোগে শুক্রবার (২১ আগস্ট) জামালপুর শহরের লুয়েজ ভিলেজ পার্কে এ আয়োজন করা হয়।

সকাল ৯টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে জাবিপ্রবির দুই শতাধিক নবীন শিক্ষার্থীসহ প্রায় চার শতাধিক মানুষ অংশ নেন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী ও উপহার হিসেবে পবিত্র কোরআন শরিফ, ইসলামিক বই, কলেজ ব্যাগ, কলমদানি, কলম, চাবির রিং ও দোয়ার স্টিকার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “ইসলামে মানুষের কল্যাণ সাধন এবং হালাল উপার্জনের লক্ষ্যে জ্ঞানার্জন করাও ইবাদতের অন্তর্ভুক্ত। বিশ্ববিদ্যালয়ের চার বছরকে কেবল উপভোগের সময় মনে না করে প্রথম বর্ষ থেকেই ক্যারিয়ারের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে।”

শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “দেশে এখনো যথাযথ টেকনিক্যাল ও ইন্ডাস্ট্রি-ভিত্তিক শিক্ষার সংকট রয়েছে। সার্টিফিকেটসর্বস্ব শিক্ষার কারণে গ্র্যাজুয়েটদের চাকরির বাজারে দীর্ঘ সময় সংগ্রাম করতে হয়। এই অচল শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি আমরা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছি।”

উচ্চশিক্ষা ও পেশাগত প্রস্তুতির বিষয়ে সাদ্দাম বলেন, “আন্তর্জাতিক পরিমণ্ডলে এগিয়ে যেতে হলে ভাষা শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রোগ্রামিংয়ের মতো দক্ষতা অর্জন জরুরি। উচ্চশিক্ষার জন্য শিক্ষকদের তত্ত্বাবধানে গবেষণাপত্র প্রকাশের প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে সরকারি চাকরির জন্য প্রথম বর্ষ থেকেই পরিকল্পিত একাডেমিক গ্রুপ স্টাডি গড়ে তোলা প্রয়োজন।”

তিনি নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ মেধা ও স্বচ্ছতা নিশ্চিত করারও দাবি জানান।

শিবিরের আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন নবীন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অংশ নেওয়া ফিশারিজ বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনা নয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে কীভাবে স্কিল ডেভেলপমেন্ট করতে হয়, তা আমরা এই আয়োজন থেকে শিখেছি। অতিথিদের প্রতিটি কথাই আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক।”

অন্য এক নারী শিক্ষার্থী উপহার পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদেরকে সবচেয়ে দামি উপহার হিসেবে পবিত্র আল-কোরআন দেওয়া হয়েছে, যা মানুষের সারা জীবনের মুক্তির পথপ্রদর্শক। এমন একটি সুন্দর আয়োজনের মাধ্যমে জীবনের সঠিক পথগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য আমরা ভীষণভাবে কৃতজ্ঞ।”

জাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. মামুনুর রশীদের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফাহাদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘ক্যারিয়ার গাইডলাইন’ বিষয়ে আলোচনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল।

এর আগে ‘ইসলাম ও পাশ্চাত্য সংস্কৃতি’ বিষয়ে আলোচনা করেন ছাত্রশিবিরের ময়মনসিংহ মহানগর শাখার অফিস সম্পাদক ও ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক সভাপতি ডা. নিয়াজ রহমান। দারসুল কুরআন উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি নাজমুল হক সাঈদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন জামালপুর সদরের মেয়র পদপ্রার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জামালপুর জেলা আমির ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক আব্দুস সাত্তার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।