কালকিনি প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন একাডেমিতে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ-নাত, ক্বিরাত, স্বরচিত কবিতা পাঠ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় একাডেমির সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আবুল বাসার, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মো. জাহিদুর রহমান, বিএসসি শিক্ষক জামাল হোসেন, শিক্ষক রাফিয়া সুলতানাসহ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

