কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় অন্তঃসত্ত্বা নারীকে মারধরের ঘটনায় গর্ভপাত এবং নবজাতকের মৃত্যুর মামলার প্রধান অভিযুক্ত সোহাগ শিকদারকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহাগ শিকদার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া গ্রামের ফোরকান শিকদারের ছেলে। এসআরবি-৮-এর সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও সদর কোম্পানি, বরিশালের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
মামলার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর অভিযুক্তরা লোহার রড, কাঠের চেরা ও ইট দিয়ে মোসা. তানিয়া বেগম ও তাঁর স্বামীকে মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং তানিয়া বেগমকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগও করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, মারধরের একপর্যায়ে আহত অন্তঃসত্ত্বা তানিয়া বেগমকে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর সাত মাসের গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই গর্ভপাত ঘটে। পরে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর আগেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় তানিয়া বেগম বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর কলাপাড়া থানায় সোহাগ শিকদারসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। মামলার পর প্রধান অভিযুক্ত সোহাগ শিকদারসহ অন্য আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যান বলে জানা গেছে।
এসআরবি-৮-এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত সোহাগ শিকদারকে গ্রেপ্তার করেছে। পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বরিশালের বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

