নিজস্ব সংবাদদাতা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে ‘চিত্রা’ সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন দি নিউ মেট্রো ফার্নিচারের শোরুম কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেরে বাংলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রাক্তন প্রভাষক সুরঞ্জন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খাদিজা আক্তার বলেন, নতুন লেখক সৃষ্টির ক্ষেত্রে ‘চিত্রা’ সাহিত্য সাময়িকী অগ্রণী ভূমিকা রাখবে। যুবসমাজকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই। তিনি সবাইকে সাহিত্যচর্চা ও বই পড়ার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।
চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মো. একরামুল হক মুন্সি, ‘নবধারা’র সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, চিতলমারী উপজেলা যুবদলের সদস্যসচিব শেখ আসাদুজ্জামান, দৈনিক যুগান্তর ও দৈনিক পূর্বাঞ্চলের উপজেলা প্রতিনিধি এবং নিউজ পোর্টাল ‘নবধারা’র স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম শাফা, কালের কণ্ঠের প্রতিনিধি কপিল ঘোষ, সাংবাদিক প্রিন্স মন্ডল, লেখক ও কবি অসীম বিশ্বাস মিলন, মো. রবিউল ইসলাম খান, কবি পংকজ রায়, ডা. মেহেদি হাসান প্রমুখ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ‘চিত্রা’ সাহিত্য সাময়িকীর সম্পাদক পংকজ মন্ডল বলেন, বাংলাদেশ, ভারত, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের লেখকদের গল্প, কবিতা ও প্রবন্ধ নিয়ে ‘চিত্রা’ সাহিত্য সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে। ত্রৈমাসিক হিসেবে সাময়িকীটির যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে সাহিত্যচর্চা ও নতুন লেখকদের বিকাশে সাময়িকীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

