ফরিদপুর প্রতিনিধি
আবহমান গ্রামবাংলার ঐতিহ্যকে ধারণ করে ফরিদপুরের সালথায় অনুষ্ঠিত হয়েছে জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। নৌকার বৈঠার ছন্দ, মাঝিদের হেইয়া-হেইয়া সুর আর হাজারো দর্শকের করতালিতে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার খোয়ার গ্রামের বটতলা সংলগ্ন আষাঢ়ের বিলের দুই পাড় মুখর হয়ে ওঠে।
খোয়ার গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ দেখতে আশপাশের বিভিন্ন গ্রামসহ দূর-দূরান্ত থেকে নানা বয়সী মানুষের সমাগম ঘটে। শিশু-কিশোর, নারী-পুরুষসহ হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।
বাইচকে কেন্দ্র করে বিলে নামে বিভিন্ন আকৃতির ও বাহারি সাজের নৌকা। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলো বৈঠার তালে দ্রুতগতিতে ছুটে চললে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুই পাড় থেকে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে উৎসবের আমেজ আরও বাড়ে।
নৌকা বাইচের পাশাপাশি বিলের পাড়ে বসে জমজমাট গ্রামীণ মেলা। মেলায় কাঠের খেলনা, মাটির তৈরি সামগ্রী, চুড়ি-ফিতা, বিভিন্ন ধরনের মুখরোচক খাবারসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। হাজারো মানুষের পদচারণায় মেলা প্রাঙ্গণও ছিল সরগরম।
প্রতিযোগিতা শেষে রাতে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, মো. শাহিনুর রহমান শাহিন ও কামরুল ইসলাম।
এ ছাড়া আটঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুরাদুর রহমান, উপজেলা যুবদল নেতা সাফিকুল ইসলাম, মাহফুজুর রহমান খান, মো. জসিম মোল্যা, স্থানীয় ব্যক্তিত্ব সামাদ মাতুব্বর ও আনিচুর রহমান (মেম্বার)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, মাঝিদের হেইয়া-হেইয়া সুর এবং দর্শকদের প্রাণবন্ত স্লোগানে দিনভর মুখর ছিল আষাঢ়ের বিলের পাড়। ঐতিহ্যবাহী এ আয়োজন তরুণ-প্রবীণসহ সব শ্রেণি-পেশার মানুষের মাঝে নতুন করে আনন্দের আবহ তৈরি করে।

