Nabadhara
ঢাকাশনিবার , ২৯ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুর বিপিএল সিজন-০৯-এর ফাইনালে মন্ত্রী জাহিদ হোসেনের ঘোষণা, বড় মাঠেই হবে মিনি স্টেডিয়াম

Link Copied!

মো. ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরের ঐতিহ্যবাহী বড় মাঠেই মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি (দিনাজপুর-৬)। তিনি জানিয়েছেন, মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য বড় মাঠের জায়গাটি চূড়ান্ত করা হবে। শিগগিরই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরামপুরে এসে স্থানটি পরিদর্শন করবেন বলেও জানান তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) বিরামপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৬ (বিপিএল সিজন-০৯)-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জাহিদ হোসেন বলেন, “আপনাদের এখানে আমরা মিনি স্টেডিয়ামের জন্য এই জায়গাটাকে চূড়ান্ত করব। কিছুদিনের মধ্যেই আমাদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আসবেন, এসে বিরামপুরের এই জায়গাটি দেখে যাবেন। ইনশাআল্লাহ, এখানেই মিনি স্টেডিয়াম করা হবে, যেখানে সব ধরনের খেলার সুযোগ থাকবে।”

তিনি বিরামপুরে বিপিএল সিজন-০৯-এর মতো বড় পরিসরের ক্রীড়া আয়োজনের প্রশংসা করেন। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন। একই সঙ্গে নারী ও মেয়েদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে মন্ত্রী খেলোয়াড়, আয়োজক, ক্রীড়া সংগঠক ও দর্শকদের উৎসাহিত করেন। এ সময় দর্শকদের মধ্য থেকে নির্বাচিত সেরা দর্শকের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন তিনি। পরে বিরামপুরের বড় মাঠে একটি ঔষধি নিমগাছের চারা রোপণ করেন মন্ত্রী।

এবারের বিপিএল সিজন-০৯-এ মোট আটটি দল অংশ নেয়। টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হয় তানিম স্যানেটারি অ্যান্ড হিরোস অফ এইচএসকে ও এন আর এ ব্রাদার্স। ফাইনাল উপলক্ষে অংশগ্রহণকারী আটটি দলকেই আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও পুরস্কার দেওয়া হয়।

তবে শুক্রবার ফাইনাল ম্যাচ চলাকালে বিরামপুরে ঝিরঝির বৃষ্টি শুরু হওয়ায় ম্যাচের বাকি অংশ নির্ধারিত সময়ে সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে ফাইনালের বাকি অংশ ও চূড়ান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরবর্তী নির্ধারিত দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

এদিকে ফাইনালে অংশ নেওয়া দুই দলকে তাৎক্ষণিকভাবে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে। ফাইনালের বাকি অংশ শেষ হওয়ার পর চ্যাম্পিয়ন দলকে আরও ২০ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলকে রানার্সআপ ট্রফি দেওয়া হবে।

এছাড়া টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা নির্বাচিত খেলোয়াড়দেরও পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

আয়োজকরা জানান, বিরামপুর প্রিমিয়ার ক্রিকেট লীগ শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়; স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

বড় মাঠে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণায় স্থানীয় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, মিনি স্টেডিয়াম নির্মিত হলে ক্রিকেটের পাশাপাশি ফুটবল, অ্যাথলেটিকসসহ বিভিন্ন খেলাধুলার আধুনিক সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরার সুযোগ পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।