জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে রাফি নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সেলিম গংদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গণমাধ্যমে অপপ্রচারের অভিযোগের প্রতিবাদ এবং রাফিকে গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার জোনাইল এলাকার শত শত মানুষ বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড় থেকে শুরু হয়ে পৌরসভা বাস টার্মিনাল হয়ে মাদারগঞ্জ মডেল থানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। এ সময় বক্তারা রাফির বিরুদ্ধে মাদক ব্যবসা, ক্যাসিনো পরিচালনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তাঁর দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ বিচারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন বজলু সরকার, থানামোড় ব্যবসায়ী ফোরামের নেতা ফারুক আহমেদ, জুয়েল মন্ডল, শাকিল ও জাহানারা বেগমসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, রাফির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সেলিম গংদের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলা ও গণমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তদন্তেরও দাবি জানান তারা।
তবে রাফির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

