শাহীন আহমেদ, ভেদরগঞ্জ প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাল কান্দি এলাকায় স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে খালের ওপর একটি কাঠের পুল নির্মাণ করা হয়েছে। সংসদ সদস্য শফিকুর রহমান কিরনের নির্দেশনায় সমাজসেবক রাশেদ ছৈয়ালের ব্যক্তিগত অর্থায়নে পুলটি নির্মাণ করা হয়। পুল নির্মাণের ফলে স্থানীয়দের চলাচলে স্বস্তি ফিরেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাল কান্দি এলাকার খালের ওপর দীর্ঘদিন ধরে নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে খালে পানি বেড়ে গেলে দুর্ভোগ আরও বেড়ে যেত। এ অবস্থায় দীর্ঘদিন ধরে এলাকাবাসী সেখানে একটি পুল নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন।
স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে এমপি শফিকুর রহমান কিরনের নির্দেশনায় রাশেদ ছৈয়াল নিজস্ব অর্থায়নে কাঠের পুল নির্মাণের উদ্যোগ নেন। নির্মাণকাজ শেষ হওয়ার পর স্থানীয়রা এখন সহজে ও তুলনামূলক নিরাপদে খাল পারাপার করতে পারছেন।
স্থানীয় বাসিন্দা এনায়েত উল্লাহ বলেন, “এই জায়গায় দীর্ঘদিন ধরে একটি পুলের প্রয়োজন ছিল। পুলটি নির্মাণ হওয়ায় আমাদের চলাচলের অনেক সুবিধা হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও বয়স্ক মানুষের দুর্ভোগ কমেছে। এমপি কিরনের নির্দেশনা এবং রাশেদ ছৈয়ালের ব্যক্তিগত উদ্যোগে এই কাজ হওয়ায় আমরা এলাকাবাসী আনন্দিত।”
এলাকাবাসী জানান, পুলটি নির্মাণের ফলে মানুষের চলাচলের পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের যাতায়াতও সহজ হয়েছে। তাঁরা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
রাশেদ ছৈয়াল বলেন, “আমি সবসময় বিশ্বাস করি, মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে বড় দায়িত্ব। মাল কান্দির মানুষের দীর্ঘদিনের ভোগান্তির কথা জানতে পেরে আলহাজ্ব শফিকুর রহমান কিরন ভাইয়ের নির্দেশনায় এলাকার মানুষের জন্য ব্যক্তিগত উদ্যোগে এই কাঠের পুল নির্মাণ করেছি। এটি কোনো দান বা অনুগ্রহ নয়, বরং এলাকার মানুষের প্রতি আমার দায়িত্ববোধের একটি ছোট প্রয়াস।”
তিনি আরও বলেন, “ডিএমখালী ইউনিয়নের যেখানেই মানুষের প্রয়োজন হবে, সাধ্যমতো সেখানে পাশে থাকার চেষ্টা করব। শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণমূলক কাজে ভবিষ্যতেও আমার সহযোগিতা অব্যাহত থাকবে। সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে এলাকার উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করতে চাই।”
এদিকে, আসন্ন ডিএমখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর একাংশ রাশেদ ছৈয়ালকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহী বলে জানিয়েছেন।

