মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার ধেনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নৌকাসহ পাঁচজনকে আটক করে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের আসাদপুর ও নূরালীপুর গ্রামের মধ্যবর্তী ধেনু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান।
এ সময় ‘ফৌজিয়া-১’ নামের প্রায় ৩ হাজার ২০০ ফুট ধারণক্ষমতার একটি বালুবাহী নৌকা ও মালামালসহ পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা থানার কবির হোসেনের ছেলে মো. শামীম মিয়া (৩২), জয়নাল আবেদিনের ছেলে মো. সৈয়দ হোসেন, শামীম মিয়া (৩০) এবং জামালগঞ্জ থানার মো. মাহবুব হোসেনের ছেলে ইয়াছিন মিয়া ও জাকির হোসেনের ছেলে হাসান মিয়া।
পরে রোববার (৩০ আগস্ট) সকালে খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব বিন জামান প্রত্যয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জিজ্ঞাসাবাদে আটক পাঁচজন অপরাধ স্বীকার করলে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাদের জরিমানা করা হয়েছে। বর্তমানে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না করলে সোমবার (৩১ আগস্ট) সকালে যথাযথ পুলিশ পাহারায় তাদের নেত্রকোনা সদর আদালতে পাঠানো হবে।”

