Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় বিশেষ সমন্বিত অভিযানে কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুলতান ও পারভেজ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ধারালো ডেগার, খেলনা পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্র ও সামগ্রীর মধ্যে রয়েছে—দেশীয় তৈরি লোহার পিস্তল আকৃতির একটি ওয়ান শুটার গান, উভয় পাশে ধারালো একটি ডেগার, একটি খেলনা পিস্তল, একটি সুইচ গিয়ার চাকু, দুটি পুরোনো চাকু, একটি খুর চাকু, তিনটি মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ৮৫০ টাকা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মান্দা থানার কুসুম্বা ইউনিয়নের তুরুকবাড়িয়া এলাকায় সুলতান ও পারভেজ বেশ কিছুদিন ধরে ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় কিশোরদের ওই গ্যাংয়ে যোগ দিতে বাধ্য করা এবং কেউ অস্বীকৃতি জানালে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

পুলিশের দাবি, গত ২৫ আগস্ট রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে তুরুকবাড়িয়া এলাকায় সাফিয়াল জাবের নিরব নামে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে সুলতান ও পারভেজের নেতৃত্বে গুলি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। পরদিন ২৬ আগস্ট রাতে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে আবারও গুলি ছোড়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় মান্দা থানায় মামলা করা হয়।

এরপর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মান্দা থানা, রাণীনগর থানা এবং মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাওনের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে তারা জানতে পারে সুলতান ও পারভেজ ঢাকা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরে নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি সংশ্লিষ্ট জেলার পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হয়। একপর্যায়ে বগুড়ার শেরপুর থানার ফুড ভিলেজ এলাকায় ঢাকাগামী একটি একতা পরিবহনের বাসে অভিযান চালিয়ে সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ ও মান্দার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নিজেদের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

পরে রাত ১টা ২৫ মিনিটে সুলতান ও পারভেজকে সঙ্গে নিয়ে তাদের দেখানো মতে সুলতানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির একটি কক্ষের চালের কার্নিশের ওপর থেকে কাগজে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি খেলনা পিস্তল ও একটি ধারালো ডেগার উদ্ধার করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সুলতান ও পারভেজের বিরুদ্ধে মান্দা থানায় বহুল আলোচিত চৌকিদারের ছেলের হত্যা মামলাসহ সাইবার সুরক্ষা আইন ও মারামারির ঘটনায় মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তারা দুজন প্রায় আট মাস কারাগারে ছিলেন।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন প্রায়ই পকেটে সুইচ গিয়ার চাকু রাখতেন এবং তা দিয়ে মানুষকে আঘাত করার অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার বলেন, নওগাঁ জেলায় যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।