Nabadhara
ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নতুন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিদ্যমানগুলোর সক্ষমতা বাড়ানো হবে: শিক্ষামন্ত্রী

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৬ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

দেশের উচ্চশিক্ষার পরিধি আরও বিস্তৃত করার উদ্যোগের কথা জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের প্রয়োজন ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বাড়ানো হবে। একই সঙ্গে ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যেও সরকার কাজ করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষাকে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ালেই হবে না, প্রতিষ্ঠানগুলোর গুণগত মানও নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করতে গবেষণা, উদ্ভাবন ও সাবেক শিক্ষার্থীদের (অ্যালামনাই) কার্যক্রম আরও কার্যকর করার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, “বিশ্ব প্রতিযোগিতায় আমাদের পিছিয়ে থাকার অন্যতম কারণ মেধার ঘাটতি নয়; বরং যথাযথ প্রচেষ্টা, সঠিক ব্যবস্থাপনা ও সিস্টেমের প্রয়োগে আমরা এখনও কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারিনি।”

কুয়েটের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিএনপি সরকারের সময়ে ২০০৩ সালে দেশের চারটি বিআইটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তারই ধারাবাহিকতায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পথচলা শুরু হয়। সময়ের সঙ্গে কুয়েট দেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থান আরও উন্নত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গবেষণার পরিমাণ বাড়ানোর পাশাপাশি গবেষণার মানও নিশ্চিত করতে হবে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও গবেষণামুখী করে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যালামনাইদের সম্পর্ক আরও শক্তিশালী হলে শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, “নিজের ভবিষ্যৎ, মা-বাবার প্রত্যাশা এবং দেশের মানুষের জন্য কিছু করতে চাইলে পড়াশোনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শুধু ডিগ্রি অর্জন নয়, জ্ঞান ও দক্ষতা অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের উন্নত দেশগুলোর মানুষের মতো বাংলাদেশের মানুষও একই সৃষ্টিকর্তার সৃষ্টি। তাই নিজেদের সামর্থ্য নিয়ে হীনম্মন্যতায় ভোগার কোনো কারণ নেই। অধ্যবসায়, গবেষণা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের সক্ষমতাকে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, বর্তমান সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষার পাশাপাশি বাস্তবজীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

তিনি বলেন, “শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সেই জ্ঞানকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। শিক্ষা ও গবেষণার মাধ্যমে নিজেদের প্রস্তুত করে দেশের উন্নয়নে ভূমিকা রাখাই হবে তাদের বড় দায়িত্ব।”

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের প্রসঙ্গ টেনে হুইপ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে প্রযুক্তি থেকে দূরে থাকার সুযোগ নেই। পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে।

“সময় বদলাচ্ছে, প্রযুক্তিও দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই নতুন বাস্তবতাকে গ্রহণ করে প্রযুক্তির সঙ্গে সমন্বয় করেই সামনে এগিয়ে যেতে হবে,” বলেন তিনি।

কুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাজাহান আলী এবং ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক প্রফেসর ড. মো. হাসান আলী।

বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কুয়েটের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কুয়েটের ২৩ বছরের পথচলার এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়েও নানা প্রত্যাশার কথা উঠে আসে। বক্তারা বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও শক্তিশালী করতে গবেষণানির্ভর শিক্ষা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের বিকল্প নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।