রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপাল ও মোংলা উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য ‘মৈত্রী স্কুল বাস’ উদ্বোধন করেছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)। একই সঙ্গে মোংলার বুড়িরডাংগা ইউনিয়নের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১৫ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বুড়িরডাংগা মাধ্যমিক বিদ্যালয় ও বুড়িরডাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, বাইসাইকেল, পানির বোতল, ছাতা, টিফিন বক্সসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
পরে বিকেল সাড়ে ৩টায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র প্রাঙ্গণে রামপাল ও মোংলা উপজেলার শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ‘মৈত্রী স্কুল বাস’ উদ্বোধন করেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী ও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীজ তামান্না ফেরদৌসী।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) ইনচার্জ আনোয়ারুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচআর) মো. ওজিউর রহমান, বিআইএফপিসিএলের প্রকল্প প্রধান (ভারপ্রাপ্ত) অভিষেক কুমার, বুড়িরডাংগা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাবিবুর রহমান বিশ্বাস এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ বাওয়ালী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিআইএফপিসিএলের ব্যবস্থাপক (মানবসম্পদ/প্রশাসন) সুজিত কুমার নন্দী।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বিআইএফপিসিএল রামপাল ও মোংলা উপজেলার বিদ্যুৎকেন্দ্রসংলগ্ন গ্রামগুলোতে বিভিন্ন ধরনের কমিউনিটি ডেভেলপমেন্ট কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। স্থানীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানীয় জলের ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, বিনামূল্যে চিকিৎসাসেবা, হুইলচেয়ার, সেলাই মেশিন, কম্বল ও বাইসাইকেল বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে মৈত্রী স্কুল বাস চালু হওয়ায় স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

