জামালপুর প্রতিনিধি
জামালপুরে বেকার যুবক ও নারীদের ক্ষমতায়ন এবং নারীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে শহরের চালাপাড়া এলাকায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) জামালপুর শাখার কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জিয়াদ কারু শিল্প যুব কল্যাণ সমিতির অর্থায়নে এফপিএবি জামালপুর শাখা এ সভার আয়োজন করে।
বিশিষ্ট নারী উদ্যোক্তা শেলীনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) জামালপুরের সভাপতি শহিদুল হক খান দুলাল, এফপিএবি জামালপুর জেলা কর্মকর্তা মাহতাবউদ্দিন সবুর এবং কো-অর্ডিনেটর মাহিনুর সিদ্দিকাসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, নারীর স্বাস্থ্য কেবল তার ব্যক্তিগত বিষয় নয়; এটি একটি পরিবারের সুস্থতার অন্যতম ভিত্তি। প্রতিটি নারীকে প্রজনন স্বাস্থ্য, মাতৃত্বকালীন সেবা, নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন হতে হবে।
তারা আরও বলেন, নারীর ক্ষমতায়ন মানে শুধু বাইরে গিয়ে চাকরি করা নয়; নিজের দক্ষতা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াও ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ অংশ। জামালপুরের নারীদের মধ্যে ব্যাপক সম্ভাবনা রয়েছে। কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ সুবিধা, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল প্ল্যাটফর্মের সঠিক ব্যবহারের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
সভায় নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

