Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নিজস্ব অর্থায়নে ক্রেস্ট ও নগদ উপহার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১০ শিক্ষার্থী এবং বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে ক্রেস্ট ও নগদ উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মিলন কুমার সরকার। এতে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক এএম মুস্তাফিজুর ইসলাম, সহকারী শিক্ষক শাজাহান কবির, আবুল বাশার শেখ ও মোহাম্মদ ফরিদ হোসেন।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে তরুণ সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী ও আসন্ন আলফাডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী মুন্সী বিল্লাল হুসাইন নিজস্ব অর্থায়নে কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ উপহার তুলে দেন।

এ সময় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুল ইসলাম এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় মো. মোজাহিদুল ইসলামকে শুভেচ্ছা ও সম্মাননা উপহার দেওয়া হয়।

মুন্সী বিল্লাল হুসাইন বলেন, “শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ। তাদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করা আমাদের সামাজিক দায়িত্ব। কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে বা প্রয়োজনীয় উৎসাহের অভাবে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই আমার এই উদ্যোগ। আমি চাই, আলফাডাঙ্গার শিক্ষার্থীরা লেখাপড়ায় আরও ভালো ফলাফল করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করুক।”

তিনি আরও বলেন, “শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও দেশের নেতৃত্ব দেবে। তাদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত।”

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।