জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের যুবলীগে যোগদানের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পরামর্শ ছিল—এমন বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বলে প্রত্যাহার করেছেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি তার দেওয়া বক্তব্য প্রত্যাহার করেন।
সংবাদ সম্মেলনে মানিক সওদাগর বলেন, “১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমি আবেগপ্রবণ হয়ে সাবেক পৌর মেয়র ও আমার ছোট ভাই নজরুল ইসলাম সওদাগর বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের পরামর্শে যুবলীগে যোগ দিয়েছেন—এমন একটি বক্তব্য দিয়েছিলাম। আমার দেওয়া ওই বক্তব্য সঠিক নয়। এটি আমার ব্যক্তিগত বক্তব্য ছিল এবং স্লিপ অব টাং হয়েছে। তাই আমি বক্তব্যটি প্রত্যাহার করে নিচ্ছি।”
তিনি আরও বলেন, তার ওই বক্তব্যের সঙ্গে দলের কোনো সিদ্ধান্ত বা অবস্থানের সম্পর্ক নেই।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

