শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল মোরাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেত্রী রুনা গাজী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জি.এম. আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক বুলু।
এবারের ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বালক ও বালিকাদের হ্যান্ডবল, কাবাডি, দাবা, সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে উপজেলার ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।

