বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে মো. দলা মিয়া (২৮) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। আদালত দলা মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত দলা মিয়া বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাখিমারা এলাকায় এক যুবক মাদক সেবন করছেন—এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় দলা মিয়াকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পাখিমারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় দলা মিয়াকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

