মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া লংকাপাড়া এলাকা থেকে ৮ পিস ইয়াবাসহ উজ্জ্বল মিয়া (২২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে লংকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক উজ্জ্বল মিয়া ওই এলাকার কাজল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে উজ্জ্বল মিয়াকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় কয়েকজন তাকে আটক করেন। পরে তার কাছ থেকে ইয়াবা পাওয়া গেলে তাকে লেপসিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
লেপসিয়া বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, স্থানীয়দের মাধ্যমে আটক উজ্জ্বলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দেওয়া কয়েকজনের নামের তালিকাসহ তাকে মামলার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য খালিয়াজুরী থানায় পাঠানো হয়।
এদিকে, স্থানীয় কয়েকজনের দাবি, উজ্জ্বলকে আটকের পর মাদক সরবরাহের সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আমিরুল ইসলাম, কাইয়ুম ও কিরণের নাম রয়েছে বলে স্থানীয়রা দাবি করেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং অভিযুক্তদের বক্তব্যও পাওয়া যায়নি।
স্থানীয়দের আরও অভিযোগ, উজ্জ্বলকে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করার সময় মাদকবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলে কয়েকজনের নাম উল্লেখ করাকে কেন্দ্র করে আমিরুল ইসলাম ও তার লোকজন বাধা ও হুমকি-ধমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। পরে বিক্ষোভকারীদের চাপের মুখে তারা সেখান থেকে সরে যান বলে স্থানীয়রা জানান।
চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আমিরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে খালিয়াজুরী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক ছোটন বলেন, “আমি বর্তমানে এলাকার বাইরে আছি। তবে চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতির নাম মাদকসংক্রান্ত ঘটনায় এসেছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এদিকে স্থানীয়দের অভিযোগ, কিরণ মিয়ার মাধ্যমে এলাকায় ইয়াবা সরবরাহ করা হয় এবং আমিরুল ইসলামের সঙ্গে তার যোগসাজশ রয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে কিরণ ও আমিরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। ৬ সেপ্টেম্বর সকালে যথাযথ পুলিশ পাহারায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসংক্রান্ত অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রয়েছে।”

