স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষক মিসকান সরদার হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইউপি সদস্য শহীদুল মোল্যা (৪৬)কে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার শহীদুল মোল্যা লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত গফফার মোল্যার ছেলে। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে খুলনার লবণচরা থানা পুলিশের সহযোগিতায় শহীদুল মোল্যার ভায়রা ভাইয়ের বাড়িতে অভিযান চালায় র্যাব-৬-এর একটি দল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে খুলনা থেকে সড়কপথে শহীদুল মোল্যাকে লোহাগড়া থানায় নিয়ে আসা হয়। সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর সকালে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে মিসকান সরদারকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ইউপি সদস্য শহীদুল মোল্যার গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি।

