নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ৪ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের রাধা-রানীর মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ৯টার দিকে উপজেলার হাপানিয়া সীমান্ত ফাঁড়ি এলাকার ফজলেপুর নামক স্থানে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ফজলেপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।
বিজিবির প্রাথমিক ধারণা, মূল্যবান মূর্তিটি সীমান্তপথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে মূর্তিটি কোথা থেকে আনা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মূর্তিটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে এটি পাহাড়পুর বৌদ্ধ বিহার অথবা মহাস্থান জাদুঘরে হস্তান্তর করা হতে পারে।

