Nabadhara
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার

মধুখালী প্রতিনিধি ও ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী প্রতিনিধি ও ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে ধানখেতের পাশ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভরা এক অজ্ঞাতনামা পুরুষের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ঢাকা-খুলনা মহাসড়কের বোয়ালিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালিয়া বাসস্ট্যান্ড থেকে ফরিদপুরগামী সড়কের ডান পাশে লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধানখেতের পাশের একটি তালগাছের গোড়ায় তিনটি মুখ বাঁধা প্লাস্টিকের বস্তা দেখতে পান স্থানীয় পথচারীরা। বস্তাগুলো দেখে সন্দেহ হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম মাসুদুজ্জামান এবং মধুখালী থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তা তিনটির মুখ খুললে ভেতর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষের মরদেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়।

পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মরদেহে পচন ধরেছে বলে জানিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে মরদেহটি সেখানে বস্তাবন্দি অবস্থায় ফেলে রাখা হতে পারে। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম মাসুদুজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে ময়নাতদন্ত শেষে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মরদেহের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।