ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার পাঁচপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রকি ওই গ্রামের বাসিন্দা এবং মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বাড়ির পাশের নিজস্ব কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করছিলেন রকি। এ সময় হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে পাশের একটি ডোবার পানিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে পানিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

