হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পাথরের চালানের আড়ালে পাচার করা বিপুল পরিমাণ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ ও বেনারসি শাড়ি জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় মালিকবিহীন একটি ভারতীয় ট্রাকও জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও ট্রাকের মোট সিজার মূল্য ২ কোটি ৫৭ লাখ টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ সীমান্তের মুসলিমপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ৫৯ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের শাহাবাজপুর কলেজের সামনে পাকা সড়কে অবস্থান নেয়। এ সময় সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি মালিকবিহীন ভারতীয় ট্রাকের সন্ধান পায় বিজিবি সদস্যরা।
পরে ট্রাকটি জব্দ করে তল্লাশি চালানো হয়। ট্রাকটির কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না। তল্লাশির একপর্যায়ে পাথরের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ এবং পাঁচটি বেনারসি শাড়ি উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা চোরাচালানি পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

