আনিস সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে কদবেল গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (৩৫) নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মৃত্যুঞ্জয় বাছাড় পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের চিত্তরঞ্জন বাছাড়ের ছেলে। তিনি মৌসুমি ফল কেনাবেচার ব্যবসা করতেন।
বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও স্থানীয়রা জানান, সকালে মৃত্যুঞ্জয় তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে বুড়িগোয়ালিনী এলাকার একটি বাগানে কদবেল পাড়তে যান। বেলা ১২টার দিকে তিনি কদবেল পাড়ার জন্য একটি গাছে ওঠেন। একপর্যায়ে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
পাশে কাজ করা শ্রমিকরা পড়ে যাওয়ার শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকা শ্রমিক শোকর আলী জানান, সকালে তারা দুজন বাগানে কদবেল পাড়তে যান। মৃত্যুঞ্জয় একটি গাছে এবং তিনি অন্য একটি গাছে উঠে ফল পাড়ছিলেন। হঠাৎ মৃত্যুঞ্জয় গাছ থেকে পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনে তিনি দ্রুত নিচে নেমে তার কাছে ছুটে যান। পরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

