Nabadhara
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদকের অন্ধকার ঠেকাতে কাবাডির মাঠে মহম্মদপুরের তারুণ্যের লড়াই

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাঠজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, মুহূর্তে মুহূর্তে আক্রমণ-পাল্টা আক্রমণ আর দর্শকদের করতালিতে মুখর উপজেলা মাঠ। মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগ হিসেবে মাগুরার মহম্মদপুরে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ (উপজেলা পর্যায়)।

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মহম্মদপুর উপজেলা ফুটবল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। মহম্মদপুর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরাম এ প্রতিযোগিতার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

আয়োজকরা জানান, এটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; তরুণ প্রজন্মকে মাদক, কিশোর অপরাধ ও নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অতিরিক্ত দায়িত্ব ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, কমিউনিটি পুলিশিং ফোরাম মহম্মদপুর থানার আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সদস্য সচিব আকতারুজ্জামান ও গোলাম রব্বানী হিরো।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বসুর ধুলজুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুর রহমান রিয়াজ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিলটন।

সভাপতিত্ব করেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ এম. শামীম আহমেদ।

চ্যাম্পিয়নশিপে মহম্মদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে রাজাপুর ইউনিয়নের বালক ও বালিকা দল এবং নোহাটা ইউনিয়নের বালক ও বালিকা দল মাঠে নামে।

খেলা শুরু হতেই মাঠে দেখা যায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা। প্রতিপক্ষের কোর্টে দ্রুত ছুটে যাওয়া রেইডারকে ঠেকাতে ডিফেন্ডারদের মরিয়া চেষ্টা, আর খেলোয়াড়দের দক্ষতা ও কৌশলে পুরো মাঠজুড়ে তৈরি হয় উত্তেজনা। প্রতিটি সফল রেইড ও প্রতিরোধে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে উপজেলা মাঠ।

উদ্বোধনী খেলাকে ঘিরে মাঠে জড়ো হন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তাদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।

আয়োজকদের মতে, খেলাধুলার এমন আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে ভূমিকা রাখতে পারে।

কাবাডির মাঠের এই প্রতিযোগিতা তাই শুধু জয়-পরাজয়ের লড়াই নয়; এর মধ্য দিয়ে মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের বার্তাও ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।