চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নে গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ডাকরা, পুঠিমারী ও ফরিদপুর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় দলের বিভিন্ন দাবি ও কর্মসূচির কথা তুলে ধরা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণের সহকারী সেক্রেটারি মো. আব্দুল্লাহ আল মামুন, চারঘাট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সুফেল রানা এবং চারঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. এজারুল ইসলাম।
এ ছাড়া ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আনারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামান রায়হানসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নাজমুল হক জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চাঁদাবাজি, ছিনতাই, ধর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দলীয়করণ বন্ধ করে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

