যশোর প্রতিনিধি
যশোর শহরের রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ যশোর। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশের নামে তৈরি নকল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, কম্পিউটারসহ জাল নথি তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ, যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে রাসেল হোসেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে সিয়াম আলী।
এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে রেলবাজার এলাকার লাল মিয়ার একটি ভাড়া বাড়িতে বসে চক্রটি এ অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে এসআরবি-৬ জানায়, চক্রটির মূল টার্গেট ছিল বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিরা। তারা বিভিন্ন দেশের নাগরিকদের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথির তথ্য সংগ্রহ বা হ্যাক করে সেসব নথিতে বাংলাদেশি নাগরিকদের ছবি ও তথ্য সংযুক্ত করে জাল নথি তৈরি করত। পরে এসব নকল নথি বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হতো বলে জানা গেছে।
মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, চক্রটির বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
অভিযানে বিভিন্ন দেশের নামে তৈরি নকল ড্রাইভিং লাইসেন্স, নকল ভোটার আইডি কার্ড, অনলাইনে তৈরি বিভিন্ন জাল নথি এবং কম্পিউটার-সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৬ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

