ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে শিশু ধর্ষণের মামলায় রাজু শেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো. আবুল বাশার মিয়া এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ১ মার্চ সন্ধ্যায় ধর্ষিতার মা আছিয়া বেগম রান্নার কাজে বাড়ির বাইরে যান এবং শিশুটিকে একা বাড়িতে রেখে যান। রাতে শিশুটি প্রয়োজন সারতে ঘরের বাইরে বের হলে চরভদ্রাসন উপজেলার অযোদ্ধা ঢালার পাড় এলাকার শেশ দুলুর ছেলে রাজু শেখ ওত পেতে ছিল। সে শিশুর মুখে গামছা পেঁচিয়ে নিজ বাড়িতে নিয়ে যায় এবং রাতভর ধর্ষণ করে। পরদিন সকালে অজ্ঞান অবস্থায় শিশুটিকে আসামির বাড়ি থেকে উদ্ধার করা হয়।
একই দিন শিশুটির মা আছিয়া বেগম চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার প্রমাণাদি বিবেচনা করে আদালত আজ এ রায় প্রদান করেন।
মামলার সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানি ভূঁইয়া রতন জানান, আদালতের এ রায়ে তাঁরা সন্তুষ্ট। তিনি আশা করেন, এ ধরনের কঠোর শাস্তি দেশে ধর্ষণের ঘটনা কমাতে সাহায্য করবে।

