জয়পুরহাট প্রতিনিধি
‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা পরিষদের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান। সভা সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, ড্রাগন বাগান উদ্যোক্তা হেদায়েত হোসেন শিপলু, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলীসহ অনেকে।
বক্তারা বলেন, দেশের উৎপাদনশীলতা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে। কৃষিসহ অন্যান্য উৎপাদনশীল খাতে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পরিচ্ছন্নতা কার্যক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসানসহ অতিথিরা অংশ নেন।

