একে.মিলন,সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিনহাজুর রহমানের অসহযোগিতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। একই সঙ্গে তথ্যপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা ও সাংবাদিকদের সঙ্গে সমন্বয়হীনতার অভিযোগে জেলা প্রশাসকের বদলির দাবি জানিয়েছেন তারা।
শনিবার (৩ অক্টোবর) সকালে জেলা সমাজসেবা কার্যালয়ের সেমিনার হলে জেলা তথ্য অফিস আয়োজিত ‘সরকারের প্রথম ছয় মাসের অর্জন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় সাংবাদিকরা এসব অভিযোগ ও দাবি জানান।
জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার, প্রশাসনিক কর্মকর্তা মো. মহসিন ও তথ্য অফিসার মো. আকিকুর রেজা।
সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অভিযোগ করেন, বর্তমান জেলা প্রশাসক দায়িত্ব নেওয়ার পর থেকে সাংবাদিকদের সঙ্গে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানে অনীহা দেখিয়ে আসছেন। জেলা প্রশাসনের বিভিন্ন বিষয় ও বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা বিষয়ে তথ্য জানতে যোগাযোগ করা হলেও সরকারি মোবাইল ফোনে তাকে পাওয়া যায় না বলেও অভিযোগ করেন তারা।
সাংবাদিকরা বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও অর্জনের তথ্য জনগণের সামনে তুলে ধরতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। কিন্তু জেলা প্রশাসকের অসহযোগিতার কারণে তথ্যপ্রাপ্তিতে সমস্যা হচ্ছে, যা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে তারা দাবি করেন।
এ সময় সাংবাদিকরা জেলা প্রশাসকের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাকে অদক্ষ আখ্যা দেন এবং অবিলম্বে সুনামগঞ্জ থেকে বদলির দাবি জানান।
সভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

