মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে প্রেসক্লাব মোল্লাহাটের অক্টোবর মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় প্রেসক্লাবের নিজস্ব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান।
সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান, সাংবাদিক আল হাফিজ শেখ, আশিকুল ইসলাম মিয়া ও তাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য সদস্য।
সভায় বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করা হয়। গুজব ও অপতথ্য এড়াতে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় মোল্লাহাটের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, পরিবেশ, আইনশৃঙ্খলা, জনদুর্ভোগসহ স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা এবং তরুণ সাংবাদিকদের দক্ষ করে গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

