নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলায় বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়পুর গ্রামের ভবানীপুর-রায়পুর পারের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোহান ইসলাম রায়পুর মধ্যপাড়া গ্রামের প্রবাসী জামিরুল ইসলামের ছেলে। সে মির্জাপুর মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে দুপুরে নৌকার জন্য পারের ঘাটে অপেক্ষা করছিল রোহান। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। একপর্যায়ে ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রোহান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে শিশুটির মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

