নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় লাগেজের ভেতর থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তৈয়ব আলী মোল্যা (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় আকরাম মোল্যা (৪০) নামে আরও এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে ডিএনসি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার তৈয়ব আলী মোল্যা লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর উত্তরপাড়া গ্রামের মৃত বালা মোল্যার ছেলে। পলাতক আকরাম মোল্যা একই গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে।
ডিএনসি নড়াইল কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার প্রেস ব্রিফিংয়ে জানান, বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোটাকোল বাইতুল ফালাহ দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় একটি লাগেজ ব্যাগে স্কচটেপে মোড়ানো সাতটি প্যাকেট থেকে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তৈয়ব আলী মোল্যাকে গ্রেপ্তার এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযানের সময় আকরাম মোল্যা পালিয়ে যান।
ডিএনসি জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

