Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষায় অসদুপায়: রুয়েটে দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার ১২ শিক্ষার্থী

রুয়েট প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

রুয়েট প্রতিনিধি

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্দিষ্ট সেমিস্টার ও ব্যাকলগ পরীক্ষাও বাতিল করা হয়েছে। পরীক্ষায় অসদুপায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান থেকে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিসিপ্লিন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে বোর্ড অব ডিসিপ্লিনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ২১ সিরিজের দুজন, ২২ সিরিজের দুজন, ২৪ সিরিজের পাঁচজন এবং ২৫ সিরিজের তিনজন রয়েছেন। তাঁদের মধ্যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই), তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই), যন্ত্রকৌশল, পুরকৌশল, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থী রয়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সিরিজের দুই শিক্ষার্থীর চতুর্থ বর্ষের বিজোড় সেমিস্টার পরীক্ষা, ২২ সিরিজের দুই শিক্ষার্থীর তৃতীয় বর্ষের বিজোড় সেমিস্টার পরীক্ষা, ২৪ সিরিজের পাঁচ শিক্ষার্থীর প্রথম বর্ষের ব্যাকলগ পরীক্ষা এবং ২৫ সিরিজের তিন শিক্ষার্থীর প্রথম বর্ষের বিজোড় সেমিস্টার পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি প্রত্যেককে আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশের মেয়াদ শেষ হলে পুনঃভর্তি হয়ে সংশ্লিষ্ট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন তাঁরা।

এ ছাড়া পরীক্ষার সময় কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে জব্দ করা ক্যালকুলেটর ও মোবাইল ফোন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শিক্ষাজীবন শেষ হওয়ার পর এসব সামগ্রী ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে রুয়েটের ডিসিপ্লিনারি কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, পরীক্ষায় অসদুপায়ের বিরুদ্ধে রুয়েট প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। একজন শিক্ষার্থীর একাডেমিক জ্ঞানের পাশাপাশি সততা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীলতা থাকা জরুরি। পরীক্ষায় অসদুপায়ের মতো কর্মকাণ্ড শিক্ষার্থীর ব্যক্তিগত ভবিষ্যতের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশের জন্যও উদ্বেগজনক।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে রুয়েটে ব্যাকলগ ও শর্ট সেমিস্টার—উভয় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাঁচটি পর্যন্ত বাড়ানো হয়েছে। একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার পরও কেউ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে সততা ও নৈতিকতার সঙ্গে পড়াশোনা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও একাডেমিক শৃঙ্খলা বজায় রাখতে অসদুপায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে রুয়েট প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।