Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে এলপিজি সিলিন্ডারের সংকট, নির্ধারিত দামের চেয়ে ৪১৩ টাকা বেশি নেওয়ার অভিযোগ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিভিন্ন বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের সরবরাহ সংকট দেখা দিয়েছে। এর মধ্যে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন উপজেলার সাধারণ ক্রেতারা। রান্নার কাজে গ্যাস ব্যবহারকারী পরিবার থেকে শুরু করে হোটেল, মিষ্টির দোকান ও চায়ের দোকানের মালিকদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

উপজেলার বুধহাটা, বড়দল, আশাশুনি, প্রতাপনগর, নাকতাড়া কালিবাড়ী, গোয়ালডাঙ্গা ও কাদাকাটিসহ বিভিন্ন বাজারে গ্যাস সিলিন্ডার বিক্রি হয়। এসব বাজার থেকে গ্রামের অসংখ্য পরিবার রান্নার জন্য গ্যাস সিলিন্ডার কিনে থাকে। পাশাপাশি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানেও এলপিজির ব্যবহার বাড়ছে। তবে সম্প্রতি চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাজারে সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। এর আগে দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা। নতুন নির্ধারিত দাম ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়। তবে আশাশুনির বিভিন্ন বাজারে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার থেকে ২ হাজার ২৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও এর চেয়েও বেশি দাম নেওয়ার অভিযোগ রয়েছে।

সে হিসাবে নির্ধারিত দামের চেয়ে প্রতিটি সিলিন্ডারে ১৬৩ থেকে ৪১৩ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এতে বাড়তি খরচের চাপে পড়ছেন সাধারণ ভোক্তারা। অন্যদিকে, আগে যেসব দোকানে নিয়মিত গ্যাস সিলিন্ডার বিক্রি হতো, সেসব দোকানের অনেক ব্যবসায়ী বর্তমানে নতুন করে সিলিন্ডার তুলছেন না বলে জানা গেছে।

এদিকে, এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। পরিবেশকদের কমিশন বৃদ্ধি, গ্যাসের সরবরাহ নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘোষণার পর বাজারে গ্যাসের চাহিদা আরও বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

সব মিলিয়ে আশাশুনি উপজেলার এলপিজি ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।