মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে দুই স্থানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে না পেয়ে অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপলাইন বিনষ্ট করে অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের পশ্চিম আলদী এলাকা এবং মূলচর ইউনিয়নের নিতিরা এলাকার বাঘবাড়ি মাদ্রাসাসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমতি ছাড়াই ড্রেজার দিয়ে জমি ভরাট করে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দুই স্থানে ড্রেজার মেশিন ও পাইপলাইন পাওয়া গেলেও সেগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপলাইন বিনষ্ট করে অপসারণ করা হয়।
অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ানা চৌধুরী।
তিনি বলেন, অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তন আইনবিরোধী। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে এ ধরনের কাজে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

