কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
দুর্গাপূজাকে ব্যাহত করতে একটি দলের দোসররা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল বালুর মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, ‘আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ব্যাহত করতে একটি দলের দোসররা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের স্পষ্টভাবে বলতে চাই, অপকর্ম ও দুষ্কর্ম করে এলাকা থেকে সরে যেতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে সব দুর্গামন্দির সিসিটিভির আওতায় আনা হয়েছে। জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী দিন-রাত মন্দিরগুলো পাহারা দিচ্ছেন। এরপরও কেউ ষড়যন্ত্র করলে তার জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি।’
আওয়ামী লীগকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, ‘রাজনীতি করবেন আর হিন্দু ভাই-বোনদের ধর্মীয় উৎসবকে কাজে লাগিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ফায়দা নেবেন, আমরা তা হতে দেব না। সম্প্রীতির বন্ধন অটুট রেখে রাজনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’
উপস্থিত জনগণের উদ্দেশে এস এম জিলানী বলেন, সামনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা নির্বাচন আসছে। এসব নির্বাচনে যাঁকে দিয়ে এলাকার উন্নয়ন হবে বলে মনে করবেন, তাঁকেই ভোট দেবেন—এটাই তাঁর প্রত্যাশা।
কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, বিএনপি নেতা ফায়েকুজ্জামান শেখ, মানিকুজ্জামান হাওলাদার, ছলেমান শেখ, কান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ধীরেন্দ্রনাথ মধু, তিলক চন্দ্র বাড়ৈ, সমাজসেবক সুরজিৎ বালা, সসীম কুমার রায়, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ তালুকদার এবং কান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নোমান মাহমুদ।

