বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের বিরামপুর উপজেলার মৌপুকুর সর্বজনীন দুর্গামন্দিরে এবার আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমী থিমের পূজা। ‘প্রলয় পেরিয়ে কৈলাস’ শিরোনামে সাজানো হচ্ছে মন্দির প্রাঙ্গণ। প্রতিমা, নান্দনিক সাজসজ্জা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শনার্থীদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিতে প্রস্তুতি নিচ্ছেন আয়োজকেরা।
থিমের ভাবনায় প্রলয়ের বিপর্যয় পেরিয়ে কৈলাসের শান্তি এবং শুভশক্তির বিজয় তুলে ধরার পরিকল্পনা রয়েছে। এ আয়োজনকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
পূজা উদ্যাপন কমিটির সভাপতি শ্রী কৃষ্ণ চন্দ্র সরকার (মাস্টার), সাধারণ সম্পাদক শ্রী মিঠুন চন্দ্র সরকারসহ কমিটির সদস্যরা সার্বিক আয়োজন পরিচালনা করছেন। থিম বাস্তবায়নে কাজ করছেন সাগর, অনুপ, রতন, সুকুমার, পল্লব, প্রসেনজিৎ, বাদল, বিদ্যুৎ ও দুর্জয়সহ সংশ্লিষ্ট শিল্পী ও সহযোগীরা। পূজার পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রী রূপক চন্দ্র চক্রবর্তী।
আয়োজকেরা জানান, মহাষষ্ঠী থেকে শুরু করে মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী পর্যন্ত ধর্মীয় রীতি অনুযায়ী পূজা-অর্চনা ও বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
এবারের পূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের। এ ছাড়া জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
পূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের দুর্গোৎসব আনন্দমুখর ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকেরা।

