জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট শহরের নতুনহাট কড়াই ফ্যাক্টরি এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে বিকাশ চন্দ্র কর্মকার (যুবক) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিকাশ চন্দ্র কর্মকার বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা কর্মকারপাড়ার বাবলু কর্মকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদর উপজেলার দাদরা গ্রামে তাঁর বোনের বাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বোনের স্বামীর জন্য খাবার নিয়ে মোটরসাইকেলে করে শহরের একটি দোকানে যাচ্ছিলেন বিকাশ। পথে নতুনহাট কড়াই ফ্যাক্টরি এলাকায় পেছন থেকে আরেকটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তাঁর মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

