শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সদর স্টেশনের সামনে থেকে ২৬০ টন কয়লাবোঝাই একটি জাহাজ আটক করেছে বন বিভাগ। এ সময় জাহাজের চালক হাসান ভান্ডারীসহ নয়জনকে আটক করা হয়েছে। জাহাজে থাকা কয়লার আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মোংলা থেকে আসা জাহাজটি পশুর নদী হয়ে শরণখোলা রেঞ্জ অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় বনরক্ষীরা সেটি আটক করেন। আটক ব্যক্তিদের বাড়ি মোংলা, ভান্ডারিয়া, ব্রাহ্মণবাড়িয়া ও মোড়েলগঞ্জ এলাকায় বলে জানা গেছে।
জাহাজে থাকা ব্যক্তিদের দাবি, এতে ২৬০ টন কয়লা রয়েছে। ধারণা করা হচ্ছে, বিদেশ থেকে আমদানি করা কয়লা মোংলা থেকে ছোট জাহাজে স্থানান্তর করে পাচারের উদ্দেশ্যে সুন্দরবনের এ রুট ব্যবহার করা হচ্ছিল।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, সুন্দরবনের অভয়ারণ্য এলাকার রুট ব্যবহার করে অবৈধভাবে কয়লা পাচারের অভিযোগে নয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন বিভাগের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে কয়লা পাচারের সঙ্গে আর কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

