জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান চালক শাখাওয়াত হোসেনকে হত্যা করে তাঁর অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় হাবিল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার উচাই পূর্ব চকপাড়া এলাকায় অটোভ্যান চালক শাখাওয়াত হোসেনকে হত্যার পর তাঁর অটোভ্যান ছিনতাই করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করা হয়।
মামলার তদন্তে পুলিশ সুপারের নির্দেশে মাঠে নামে জেলা গোয়েন্দা শাখা। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু কামালের নেতৃত্বে এবং উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলামের সহযোগিতায় পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বিভিন্ন আলামত ও পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তদন্ত এগিয়ে নেওয়া হয়।
তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার ধাওয়াইপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে হাবিল উদ্দিনের (৪০) সংশ্লিষ্টতার তথ্য পায় পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবির ওসি রাজু কামাল জানান, শাখাওয়াত হোসেন হত্যা মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় হাবিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাই হওয়া অটোভ্যান উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

