Nabadhara
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে কুপনভিত্তিক নতুন মিড ডে মিল চালু, ৩৫ টাকায় পছন্দের খাবার পাবে শিশুরা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে দিনাজপুরের বিরামপুরে কুপনভিত্তিক নতুন মিড ডে মিল কর্মসূচির পাইলট প্রকল্প চালু হয়েছে। এ পদ্ধতিতে প্রত্যেক শিক্ষার্থী ৩৫ টাকার কুপনের মাধ্যমে নিজের পছন্দ অনুযায়ী খাবার সংগ্রহ করতে পারবে। খাবারের তালিকায় রয়েছে সিদ্ধ ডিম, কলা, খেজুর, বাদাম, কিসমিস, রুটি, বিস্কুট ও ড্রাই কেক।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় বিরামপুর উপজেলার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারা দেশের আটটি বিভাগের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কুপন বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুজ জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন।

নতুন পদ্ধতিতে প্রত্যেক শিক্ষার্থী প্রধান শিক্ষকের কাছ থেকে একটি কুপন পাবে। সেই কুপনের মাধ্যমে নির্ধারিত স্থান থেকে সর্বোচ্চ ৩৫ টাকার মধ্যে পছন্দের খাবার সংগ্রহ করতে পারবে। এতে শিশুদের খাবার বেছে নেওয়ার সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, বিরামপুর উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১৫টিতে প্রচলিত পদ্ধতিতে মিড ডে মিল কার্যক্রম চলবে। আর কুপনভিত্তিক পাইলট প্রকল্পটি বাস্তবায়িত হবে শুধু শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থী রয়েছে ১৮১ জন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. রুনা লায়লা, উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুরি এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী কবির রেজা, ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমান, সহসভাপতি সানোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল সিরাজ ও নাজিমুদ্দিনসহ শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। কুপন পদ্ধতিতে পছন্দমতো খাবার বেছে নেওয়ার সুযোগ শিশুদের মধ্যে আগ্রহ তৈরি করবে। পাইলট প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ কর্মসূচি সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগের নির্বাচিত বিদ্যালয় হিসেবে শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করায় সন্তুষ্টি প্রকাশ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।