আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদীতে নৌ-মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন উপকূলের জেলে ও বাওয়ালিরা। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে খোলপেটুয়া নদীতে নৌযান নিয়ে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করেন।
বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, গাবুরা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব খায়রুল ইসলাম মিলন, গাবুরা ইউনিয়ন যুব জামাতের সভাপতি ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য জিএম আবিয়ার রহমান ও ফরিদা পারভীনসহ স্থানীয় ব্যক্তিরা।
সমাবেশে জেলেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বনদস্যুদের ভয়ে তাঁরা সুন্দরবনে মাছ ও বনজ সম্পদ আহরণ করতে পারছেন না। আন্দোলনে অংশ নেওয়ার কারণে বনদস্যুরা তাঁদের হুমকি দিচ্ছে। জেলে বাবলুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করেও কোনো ফল পাওয়া যায়নি। বরং সুন্দরবনে প্রবেশ না করতে হুমকি দেওয়া হচ্ছে।
জেলে সবুর আলী বলেন, সুন্দরবনে যেতে না পারায় পরিবার নিয়ে চরম দুর্দশায় দিন কাটছে তাঁদের। প্রশাসনকে বারবার জানানোর পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি। একই অভিযোগ তুলে জেলে ওমর ফারুক বলেন, বনদস্যুদের নির্মূল করতে হবে, অন্যথায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সোলায়মান কবির বলেন, বনদস্যুদের দৌরাত্ম্যে জেলেদের দুর্ভোগের বিষয়টি বন ও পরিবেশমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। পাশাপাশি প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হবে।
বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটন বলেন, তাঁদের আন্দোলনের নবম দিন চলছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। দ্রুত অভিযান পরিচালনা করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে সাতক্ষীরার সহকারী রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, জেলে ও বাওয়ালিদের দাবির সঙ্গে তাঁরা একমত। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালাতে বন বিভাগ প্রস্তুত রয়েছে। এ ছাড়া অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথ অভিযান পরিচালনারও প্রস্তুতি রয়েছে।

