সিলেট প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকের ভাইরাল ছবিতে উপস্থিত থাকা বাহার উদ্দিন (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বাগীরঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাহার উদ্দিন উপজেলার বুধবারী বাজার ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। তিনি বাগীরঘাট গ্রামের মৃত মছদ্দর আলী ও মৃত মাহমুদা খাতুনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ছবিতে বাহার উদ্দিনের উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়।
পুলিশ জানায়, বাহার উদ্দিন গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার এজাহারনামীয় আসামি। এ ছাড়া ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হওয়ার ঘটনায় করা মামলার তদন্তেও তাঁকে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী বলেন, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে বাহার উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।

