গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বাসের চাপায় মহিবুল্লাহ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস চন্দ্রদিঘলীয়া এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক ও মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মহিবুল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা তিন যাত্রী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহত মহিবুল্লাহ চন্দ্রদিঘলীয়া গ্রামের মৃত সুফি সাহেবের ছেলে।

