নওগাঁ প্রতিনিধি
পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কোডিং পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয় (নবি)। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রথম বছর থেকেই এ পদ্ধতি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ পরীক্ষার খাতা মূল্যায়নে স্বজনপ্রীতি ও ব্যক্তিগত প্রভাবমুক্ত পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রস্তাবিত পদ্ধতিতে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর কিংবা ব্যক্তিগত পরিচয়ের পরিবর্তে উত্তরপত্রে ব্যবহার করা হবে নির্দিষ্ট গোপন কোড। সেই কোডের মাধ্যমে পরীক্ষকের কাছে উত্তরপত্র পাঠানো হবে। ফলে খাতা মূল্যায়নের সময় পরীক্ষক পরীক্ষার্থীর পরিচয় জানতে পারবেন না। এতে ব্যক্তিগত পরিচিতি, স্বজনপ্রীতি কিংবা অনুরাগ-বিরাগের প্রভাব ছাড়াই উত্তরপত্র মূল্যায়নের সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্টদের মতে, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান শুধু শ্রেণিকক্ষের পাঠদান, অবকাঠামো কিংবা শিক্ষার্থীদের ফলাফলের ওপর নির্ভর করে না। পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাও শিক্ষার মান নিশ্চিত করার গুরুত্বপূর্ণ শর্ত। এ ক্ষেত্রে কোডিং পদ্ধতি কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রতিষ্ঠার প্রথম বছর থেকেই এমন উদ্যোগ নেওয়াকে বিশ্ববিদ্যালয়ের জবাবদিহিমূলক, স্বচ্ছ ও নৈতিক প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়ে তোলার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসনাত আলী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান নয়; বরং মেধা, যোগ্যতা, ন্যায়বিচার ও নৈতিকতার মূল্যায়নকারী প্রতিষ্ঠান। পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালুর উদ্যোগের মাধ্যমে নওগাঁ বিশ্ববিদ্যালয় সেই বিশ্বাসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে।

