নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিমকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলগেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর মহানগর ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল আলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানায়, কালিয়াকৈরের চন্দ্রা-সফিপুর এলাকায় শ্রমিক আন্দোলনের নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। শ্রমিক পরিচয়ে তারা ভাঙচুর ও সড়ক অবরোধের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে গ্রেপ্তার আব্দুল আলিমের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার গার্মেন্টস শ্রমিকের পরিচয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর পুলিশ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

