Nabadhara
ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ, সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরবেষ্টিত খালিয়াজুরী উপজেলাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন সম্ভাবনাময় স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. শামীমুজ্জামান। পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে খালিয়াজুরী উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী রঞ্জিত কুমার পাল।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামীমুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী।

স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান খালিয়াজুরীর সম্ভাবনাময় পর্যটন ও বিনোদনকেন্দ্রের স্থানগুলো তুলে ধরেন। এ সময় তিনি সম্ভাব্য স্থানগুলোর তথ্য ও ছবি সংবলিত একটি লিখিত প্রস্তাব বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন।

সভায় খালিয়াজুরীর প্রাকৃতিক সৌন্দর্য, হাওর, নদী ও পর্যটন সম্ভাবনা কাজে লাগিয়ে এলাকাটিকে পর্যটকদের আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ধনু নদীর তীরে রসুলপুর ফেরিঘাট এলাকায় পর্যটনকেন্দ্র, উপজেলা সদরে শিশুদের বিনোদনকেন্দ্র বা পার্ক এবং সরকারি হোটেল ও রেস্টহাউস নির্মাণের প্রস্তাব তুলে ধরা হয়।

বক্তব্য দেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রউফ স্বাধীন, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন, বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লা, তরিকুজ্জামান তরু, স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী জহির আহমেদ জিকু এবং খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাব।

এ ছাড়া স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা রিয়াজ উদ্দিন তালুকদার সুখন, মো. আব্দুস সালাম, মো. এরশাদ মিয়া, ফয়সাল আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. শামীমুজ্জামান খালিয়াজুরীতে পর্যটনকেন্দ্র গড়ে তোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সভাপতির বক্তব্যে পল্লব হোম দাস পর্যটনকেন্দ্র স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান এবং এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।